৩১ অক্টোবর, আগরতলা: রাষ্ট্রীয় একতা দিবস উপলক্ষে আজ দক্ষিণ জেলা শাসক ও সমাহর্তার কার্যালয়ে শপথ গ্রহণ অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দক্ষিণ জেলার জেলা শাসক ও সমাহর্তা মহম্মদ সাজ্জাদ পি, অতিরিক্ত জেলা শাসক শান্তিরঞ্জন চাকমা সহ কার্যালয়ের সমস্ত আধিকারিক ও কর্মীরা। দেশের ঐক্য, অখণ্ডতা ও নিরাপত্তা বজায় রাখার পাশাপাশি জাতীয় সংহতি ও ভ্রাতৃত্ববোধ অটুট রাখার শপথ গ্রহণ করেন তাঁরা।

অন্যদিকে, দক্ষিণ জেলা প্রশাসনের উদ্যোগে বিলোনিয়ার বিদ্যাপীঠ দ্বাদশ বিদ্যালয়ের সুবর্ণজয়ন্তী হলে শপথ গ্রহণ অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানের উদ্বোধন করেন জেলা শাসক মহম্মদ সাজ্জাদ পি। অনুষ্ঠানে বিদ্যালয়ের ছাত্রছাত্রীদের শপথ বাক্য পাঠ করানো হয়।

এদিকে, দক্ষিণ জেলা পুলিশের উদ্যোগেও জেলার প্রতিটি পুলিশ কার্যালয়, থানা ও পুলিশ ফাঁড়িতে শপথ গ্রহণ অনুষ্ঠানের আয়োজন করা হয়। জেলা পুলিশ সুপারের কার্যালয়ে উপস্থিত ছিলেন ডিএসপি স্বপন দেববর্মা সহ অন্যান্য পুলিশ আধিকারিক ও কর্মীরা।







