৬ নভেম্বর, আগরতলা: আসন্ন নগর পুর নির্বাচন উপলক্ষে আজ সোনামুড়া নগর পঞ্চায়েত ও মেলাঘর পুর পরিষদের কংগ্রেস প্রার্থীরা মনোনয়নপত্র জমা দিয়েছেন। সোনামুড়া নগর পঞ্চায়েতের ১৩টি আসনের জন্য ১৩ জন প্রার্থী এবং মেলাঘর পুর পরিষদের ১৩টি আসনের মধ্যে সাতটি আসনের প্রার্থী নিজ নিজ রিটার্নিং অফিসারের কাছে মনোনয়নপত্র জমা করেন।
জেলা কংগ্রেস সভাপতি রুশন আলী বলেন, নির্বাচনের মাধ্যমে এই দুই সংস্থার দায়িত্বে কংগ্রেস আসীন হলে মেলাঘর ও সোনামুড়ার ব্যাপক উন্নয়ন সাধিত হবে। এ উপলক্ষে সোনামুড়া শহরে একটি মিছিল অনুষ্ঠিত হয়।
মেলাঘর পুর পরিষদের রিটার্নিং অফিসার তথা অতিরিক্ত মহকুমা শাসক দিব্যেন্দু দাস এবং সোনামুড়া নগর পঞ্চায়েতের রিটার্নিং অফিসার তথা মহকুমা শাসক রূপন দাস মনোনয়নপত্রগুলি গ্রহণ করেন। মনোনয়ন দাখিল কর্মসূচিতে উপস্থিত ছিলেন প্রদেশ যুব কংগ্রেসের সহ-সভাপতি রাকেশ দাস সহ জেলা কংগ্রেসের অন্যান্য নেতৃত্ব।








