বিশালগড় মহকুমা হাসপাতালের আওতাধীন ঘনিয়ামারা আয়ুষ্মান আরোগ্য মন্দিরের উদ্যোগে স্থানীয় ২ নম্বর ওয়ার্ডে বিশেষ প্যালিয়েটিভ কেয়ার কর্মসূচি পরিচালিত হয়েছে। এই অভিযানে স্বাস্থ্যকর্মীদের একটি দল সরাসরি চিকিৎসাধীন ব্যক্তিদের বাসভবনে গিয়ে প্রয়োজনীয় স্বাস্থ্য পরীক্ষা ও প্রাথমিক চিকিৎসা পরিষেবা নিশ্চিত করেন।
যেসব রোগী দীর্ঘদিন ধরে গুরুতর অসুস্থতায় ভুগছেন কিংবা শারীরিক প্রতিবন্ধকতার কারণে হাসপাতালে আসতে অক্ষম, তাদের দোড়গোড়ায় শারীরিক ও মানসিক সাহায্য পৌঁছে দেওয়াই ছিল এই বাড়ি বাড়ি পরিদর্শনের মূল লক্ষ্য। বিশেষ এই অভিযানে মোট তিনজন শারীরিক অসুস্থ ব্যক্তির স্বাস্থ্য পরীক্ষা করা হয়। চিকিৎসা দল সূত্রে জানা গেছে, পরীক্ষিত রোগীদের মধ্যে স্ট্রোকের জটিলতা, উচ্চ রক্তচাপ, যক্ষ্মা এবং রক্তাল্পতা জনিত সমস্যা রয়েছে।
পরিদর্শনের সময় উপস্থিত স্বাস্থ্যকর্মীরা রোগীদের অত্যাবশ্যকীয় ওষুধপত্র বিতরণের পাশাপাশি তাদের মানসিক মনোবল বৃদ্ধির জন্য প্রয়োজনীয় পরামর্শ ও গাইডলাইন প্রদান করেন। উক্ত সেবামূলক কর্মসূচিতে সরেজমিনে উপস্থিত ছিলেন কমিউনিটি হেলথ অফিসার রাজীব দেবনাথ, স্থানীয় আশা কর্মী এবং আশা ফ্যাসিলিটেটর।
উৎস: ICA, সিপাহিজলা জেলা মুখ্য স্বাস্থ্য আধিকারিকের কার্যালয় থেকে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে।









