উদয়পুর: গোমতী জেলার ঐতিহাসিক মাতাবাড়ি প্রাঙ্গণে আয়োজিত ঐতিহ্যবাহী তিন দিনব্যাপী দীপাবলি উৎসব ও মেলা সম্পন্ন হয়েছে। গতকাল সন্ধ্যায় এক বর্ণাঢ্য সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে এই উদযাপনের আনুষ্ঠানিক সমাপ্তি ঘোষণা করা হয়। মেলা কমিটির সভাপতি তথা স্থানীয় বিধায়ক অভিষেক দেবরায় সমাপনী অনুষ্ঠানে উপস্থিত থেকে উৎসবের সমাপ্তি টানেন।
অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে গোমতী জিলা পরিষদের সভাধিপতি দেবল দেবরায়, মাতাবাড়ি পঞ্চায়েত সমিতির চেয়ারপার্সন শিল্পী দাস, ডিসিএম চন্দ্রশেখর চ্যাটার্জি এবং তথ্য ও সংস্কৃতি দপ্তরের গোমতী জেলা কার্যালয়ের সহ-অধিকর্তা টিঙ্কু বিশ্বাস সহ বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
সমাপনী মঞ্চে বক্তব্য রাখতে গিয়ে মেলা কমিটির চেয়ারম্যান তথা বিধায়ক অভিষেক দেবরায় বলেন, “দীর্ঘদিন ধরে মানুষের প্রত্যাশা অনুযায়ী এবার উদ্বোধনী অনুষ্ঠানে ড্রোন শো-এর আয়োজন করা হয়েছে। আগামী বছর দীপাবলি উৎসব ও মেলা আরও বর্ণাঢ্যভাবে আয়োজন করা হবে।” একই সঙ্গে, এই জমজমাট উৎসব সফল করে তোলার পেছনে প্রশাসন, বিভিন্ন সরকারি বিভাগ এবং স্থানীয় বাসিন্দাদের অবদানের জন্য তিনি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
চলতি উৎসবের অঙ্গ হিসেবে সরকারের বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্পের প্রচার ও প্রদর্শনের উদ্দেশ্যে একাধিক দপ্তর তাদের প্যাভিলিয়ন বা প্রদর্শনী মন্ডপ তৈরি করেছিল। উৎসবের শেষ দিনে এই মন্ডপগুলির মধ্যে প্রতিযোগিতার ভিত্তিতে সেরাদের পুরস্কৃত করা হয়। প্রদর্শনীতে সামগ্রিকভাবে প্রথম স্থান দখল করে স্বাস্থ্য দপ্তর। এছাড়া, যৌথভাবে দ্বিতীয় স্থান অর্জন করে উদয়পুর পুর পরিষদ ও মাতাবাড়ি আরডি ব্লক, এবং তৃতীয় স্থান লাভ করে কৃষি ও কৃষক কল্যাণ দপ্তর। বিজয়ী বিভাগগুলির হাতে সম্মাননা তুলে দেন বিধায়ক অভিষেক দেবরায়।
ICA








