আসন্ন আমবাসা পুর নির্বাচন সামনে রেখে প্রশাসনিক তৎপরতা এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি পর্যালোচনা করতে ধলাই জেলায় একটি গুরুত্বপূর্ণ সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল ধলাই জেলাশাসক ও সমাহর্তার দপ্তরের কনফারেন্স কক্ষে আয়োজিত এই পর্যালোচনা বৈঠকে নেতৃত্ব দেন রাজ্য নির্বাচন কমিশনার ডঃ প্রদীপ কুমার চক্রবর্তী।
সভায় নির্বাচনী ব্যবস্থাপনার পাশাপাশি অবকাঠামোগত প্রস্তুতি নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। আলোচনার শুরুর দিকে ডঃ পি কে চক্রবর্তী উপস্থিত বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিনিধিদের সঙ্গে মতবিনিময় করে তাঁদের মতামত ও বক্তব্য শোনেন।
পুরোটাই স্বচ্ছ, নিরপেক্ষ ও নির্বিঘ্নভাবে ভোট সম্পন্ন করার ওপর জোর দিয়েছেন রাজ্য নির্বাচন কমিশনার। নাগরিকেরা যেন কোনো ভয়ভীতি ছাড়া শান্তিপূর্ণ পরিবেশে নিজেদের ভোট দিতে পারেন, সে বিষয়টি নিশ্চিত করতে তিনি জেলা প্রশাসন ও পুলিশ বাহিনীকে দায়িত্বশীলতার সঙ্গে কাজ করার নির্দেশ দিয়েছেন।
এই বৈঠকে ডিস্ট্রিক্ট মিউনিসিপাল ইলেকশন অফিসার তথা জেলাশাসক বিবেক এইচ বি এবং ধলাই জেলার পুলিশ সুপার ঋষিকেশ দেশাই উপস্থিত ছিলেন। এছাড়াও সভায় অংশ নেন অতিরিক্ত পুলিশ সুপার উত্তম বণিক, অতিরিক্ত জেলাশাসক (পিপি) ভি ডার্লং, আমবাসা মিউনিসিপ্যাল কাউন্সিল নির্বাচনের পর্যবেক্ষক প্রদীপ সরকার এবং রিটার্নিং অফিসার কমল দেববর্মা।
পাশাপাশি আমবাসার মহকুমা পুলিশ আধিকারিক নিরুপম দত্ত, অ্যাসিস্ট্যান্ট রিটার্নিং অফিসারবৃন্দ এবং দায়িত্বপ্রাপ্ত সব সিভিল ও পুলিশ সেক্টর অফিসারও পর্যালোচনা সভায় উপস্থিত ছিলেন।
ICA







