আগরতলা পুরনিগম সহ পুরো পশ্চিম ত্রিপুরা জেলার নগর সংস্থাগুলির আগামী নির্বাচন অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করার লক্ষ্যে কঠোর বিধিনিষেধ আরোপ করেছে প্রশাসন। নির্বাচন চলাকালীন যেকোনো অপ্রীতিকর ঘটনা এড়াতে জেলা প্রশাসনের পক্ষ থেকে বিশেষ কিছু নিষেধাজ্ঞা জারি করা হয়েছে, যা আগামী ২৫ নভেম্বর বিকেল ৪টা থেকে কার্যকর হয়ে ২৮ নভেম্বর সকাল ৬টা পর্যন্ত বলবৎ থাকবে।
পশ্চিম জেলার জেলাশাসক ভারতীয় নাগরিক সুরক্ষা সংহিতা (BNSS) ২০২৩-এর ১৬৩ ধারা, ভারতীয় ন্যায় সংহিতা (BNS) ২০২৩-এর ১৮৯ ধারা এবং ১৯৫১ সালের জনপ্রতিনিধিত্ব আইনের ১২৬ ধারা প্রয়োগ করে এই নির্দেশিকা জারি করেছেন। ঘোষিত সময়সীমার মধ্যে আগাম অনুমতি ছাড়া পাঁচ বা তার বেশি ব্যক্তির একত্রিত হওয়া, নির্বাচন সংক্রান্ত সভা-সমাবেশ ও মিছিল আয়োজন বা তাতে অংশগ্রহণ করা সম্পূর্ণরূপে নিষিদ্ধ করা হয়েছে। এছাড়া সিনেমাটোগ্রাফি, টেলিভিশন শো, মিউজিক কনসার্ট কিংবা যেকোনো সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে নির্বাচনী প্রচারের ওপরও নিষেধাজ্ঞা জারি করা হয়েছে।
যানবাহন চলাচলের ক্ষেত্রে জানানো হয়েছে যে, অনুমতি ব্যতীত একসঙ্গে তিনটির বেশি চারচাকার গাড়ি মোড়ে বা রাস্তায় চলতে পারবে না এবং দুই চাকার যানবাহনের পেছনের আসনে আরোহী বসানোর ওপরও বিধিনিষেধ থাকছে। যেকোনো ধরণের আগ্নেয়াস্ত্র, লাঠি, রড, বাঁশ কিংবা অস্ত্র হিসেবে ব্যবহারযোগ্য সরঞ্জাম বহন নিষিদ্ধ। ভোটগ্রহণের দিনে নির্বাচন কমিশনের নিয়ম মেনে কেন্দ্র বা তার আশপাশের নির্দিষ্ট সীমানার মধ্যে অননুমোদিত মোবাইল ফোন ব্যবহার করা যাবে না।
তবে জরুরি চিকিৎসাসেবা, সামরিক ও আধা-সামরিক বাহিনী, রাজ্য পুলিশ, নির্বাচনী কাজে যুক্ত সরকারি কর্মকর্তা এবং অন্যান্য জরুরি পরিষেবা এই সব নিষেধাজ্ঞার আওতামুক্ত থাকবে। পরিস্থিতি বিবেচনায় স্থানীয় পুলিশ প্রশাসন নারী ও শিশুদের যাতায়াতে ছাড় দিতে পারে। নিরাপত্তা নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ রাস্তাগুলোতে ড্রপ গেট বসিয়ে পুলিশ ও আধা-সামরিক বাহিনী যানবাহন তল্লাশি করতে পারবে। আদেশের লঙ্ঘন হলে অভিযুক্তদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দেওয়া হয়েছে।
ICA









