উৎসবের আবহে জনস্বাস্থ্য সুরক্ষিত রাখতে খাদ্য নিরাপত্তা ও পরিচ্ছন্নতার ওপর বিশেষ গুরুত্ব আরোপ করল ফুড সেফটি কমিশনারের দপ্তর। ত্রিপুরার বর্তমান উৎসবমুখর পরিবেশে মিষ্টি বিক্রেতা, স্ট্রিট ফুড ভেন্ডর, ক্যাটারার থেকে শুরু করে সাধারণ ভোক্তাদের উদ্দেশ্যে এক সচেতনতামূলক নির্দেশিকা জারি করা হয়েছে, যাতে উদযাপনের আনন্দ কোনোভাবেই খাদ্যজনিত অসুস্থতায় ম্লান না হয়।
খাদ্য প্রস্তুতকারক ও ব্যবসায়ীদের উদ্দেশে জানানো হয়েছে যে, খাবার প্রক্রিয়াকরণ ও সংরক্ষণের প্রতিটি ধাপে সর্বোচ্চ পরিচ্ছন্নতা বজায় রাখতে হবে। নিরাপদ ও মানসম্মত কাঁচামাল ব্যবহার করার পাশাপাশি খাবারে অননুমোদিত কৃত্রিম রঙ বা ক্ষতিকর রাসায়নিকের ব্যবহার সম্পূর্ণ নিষিদ্ধ করা হয়েছে। এছাড়া সঠিক তাপমাত্রায় খাদ্য সংরক্ষণ, ক্রস-কন্টামিনেশন রোধ এবং বৈধ এফএসএসএআই (FSSAI) লাইসেন্স বা রেজিস্ট্রেশন বাধ্যতামূলকভাবে প্রদর্শনের নির্দেশ দেওয়া হয়েছে।
অন্যদিকে, সাধারণ ভোক্তাদের জন্যও বেশ কিছু সতর্কতামূলক পরামর্শ দেওয়া হয়েছে। লাইসেন্সপ্রাপ্ত দোকান থেকে খাদ্যদ্রব্য ক্রয়, প্যাকেটের গায়ে উৎপাদন ও মেয়াদোত্তীর্ণের তারিখ যাচাই করা এবং অস্বাস্থ্যকর বা সন্দেহজনক খাবার এড়িয়ে চলার কথা বলা হয়েছে। কম দাম বা আকর্ষণীয় চেহারার মোহে সুরক্ষার সঙ্গে আপস না করে, ভেজাল বা অস্বাস্থ্যকর পরিবেশ দেখলে অবিলম্বে সংশ্লিষ্ট দপ্তরে জানানোর আহ্বান জানানো হয়েছে। সামান্য সচেতনতাই খাদ্যবাহিত রোগ প্রতিরোধে মূল ভূমিকা রাখতে পারে বলে উল্লেখ করা হয়েছে।
ICA









