দারুল কুরান মাদ্রাসা পাড়া অঙ্গনওয়াড়ি কেন্দ্রে রাষ্ট্রীয় বাল স্বাস্থ্য কার্যক্রমের (আরবিএসকে) অধীনে শিশুদের স্বাস্থ্য পরীক্ষা ও সচেতনতা শিবির আয়োজিত হয়েছে। উত্তর ত্রিপুরা জেলার কদমতলা কমিউনিটি হেলথ সেন্টারের আওতাধীন চূড়াইবাড়ি স্বাস্থ্য উপকেন্দ্রের অধীনে এই কর্মসূচি পরিচালিত হয়।
মোট ৫০ জন শিশুকে এই শিবিরে শারীরিক ও স্বাস্থ্যগত পরীক্ষায় অন্তর্ভুক্ত করা হয়। কদমতলা আরবিএসকে ইউনিটের চিকিৎসক ডাঃ এন. এস. চ্যাটার্জি এবং ডাঃ কল্লোল ব্রহ্মচারী শিশুদের পরীক্ষা-নিরীক্ষা সম্পন্ন করেন। এর মধ্যে দাঁতের ক্ষয়জনিত সমস্যায় ভোগা এক শিশুকে পরবর্তী চিকিৎসার জন্য কদমতলা স্বাস্থ্যকেন্দ্রে পাঠানো হয়েছে। পাশাপাশি চর্মরোগে আক্রান্ত দুজন শিশুকে বিশেষজ্ঞ চিকিৎসার স্বার্থে উত্তর ত্রিপুরা জেলা হাসপাতালে রেফার করা হয়েছে।
চিকিৎসা সেবার পাশাপাশি অভিভাবক ও শিশুদের স্বাস্থ্যবিধি বিষয়ে অবহিত করা হয়। চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীরা হাত ধোয়ার সঠিক পদ্ধতি, ব্যক্তিগত পরিচ্ছন্নতা বজায় রাখা, রক্তাল্পতা রোধ এবং কৃমিনাশক ওষুধ খাওয়ার গুরুত্ব নিয়ে বিস্তারিত তথ্য তুলে ধরেন।
কর্মসূচিটি সফল করতে চিকিৎসকদের সঙ্গে স্থানীয় অঙ্গনওয়াড়ি কর্মী ও আশা কর্মী সক্রিয় ভূমিকা পালন করেন। শিবির শেষে অংশগ্রহণকারী সব শিশুর মাঝে পুষ্টিকর খাদ্যসামগ্রী তুলে দেওয়া হয়। স্থানীয় বাসিন্দা ও অভিভাবকরা স্বাস্থ্য বিভাগের এই কার্যক্রমে ইতিবাচক সাড়া দিয়েছেন।
ICA






