আগরতলা: ত্রিপুরা বিশ্ববিদ্যালয়ের বাস্কেটবল গ্রাউন্ডে অয়োজিত এআইইউ (AIU) পূর্বাঞ্চলীয় আন্তঃবিশ্ববিদ্যালয় মহিলা বাস্কেটবল প্রতিযোগিতা ২০২৬-এর আনুষ্ঠানিক সূচনা করলেন রাজ্যপাল ইন্দ্রসেনা রেড্ডি নান্নু। বুধবার সন্ধ্যায় বর্ণাঢ্য অনুষ্ঠানের মাধ্যমে তিনি এই টুর্নামেন্টের শুভ উদ্বোধন ঘোষণা করেন। আগামী ১৫ নভেম্বর পর্যন্ত এই ক্রীড়া আসর চলবে।
উদ্বোধনী ভাষণে রাজ্যপাল বলেন, ত্রিপুরা আয়তনে ছোট হলেও এই রাজ্যের ক্রীড়া উদ্দীপনা অতুলনীয়। এখানকার একাধিক প্রতিভাবান খেলোয়াড় জাতীয় ও আন্তর্জাতিক স্তরে সাফল্য অর্জন করে দেশের মুখ উজ্জ্বল করেছেন। এই ধরনের জাতীয় মানের আসর পরিচালনার দায়িত্ব অর্পণ করার জন্য তিনি অ্যাসোসিয়েশন অফ ইন্ডিয়ান বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে ধন্যবাদ জানান।
ক্রীড়াক্ষেত্রে সঠিক অবকাঠামো গড়ে তোলা, তৃণমূল স্তর থেকে তরুণ প্রতিভা অন্বেষণ এবং উদীয়মান খেলোয়াড়দের উপযুক্ত প্রশিক্ষণের ওপর গুরুত্ব দেন রাজ্যপাল। ‘খেলো ইন্ডিয়া’ প্রকল্প এবং ‘ত্রিপুরা স্পোর্টস কাউন্সিল’-এর ভূমিকার কথা উল্লেখ করে তিনি জানান, উদীয়মান ক্রীড়াবিদদের সাফল্য অর্জনের পথে আর্থিক সমস্যা যেন কোনো বাধা তৈরি করতে না পারে, সেদিকে লক্ষ্য রাখা জরুরি। একই সাথে খেলাধুলায় ভালো ফল অর্জনে উন্নতমানের প্রশিক্ষণ, স্পোর্টস মেডিসিন, ফিজিওথেরাপি এবং সঠিক পুষ্টি উপাদানের প্রয়োজনীয়তার কথাও তিনি তুলে ধরেন। শৈশব থেকেই বিদ্যালয় ও শারীরশিক্ষার মাধ্যমে নতুন চ্যাম্পিয়ন তৈরির ভিত গড়ে তোলার আহ্বান জানান তিনি।
নারী শক্তির অগ্রগতি নিয়ে রাজ্যপাল মন্তব্য করেন, ১৪টি রাজ্য থেকে আসা মহিলা ক্রীড়াবিদদের এই অংশগ্রহণ মূলতঃ নারী ক্ষমতায়ন ও জাতীয় সংহতির এক অনন্য প্রতীক। বাস্কেটবল খেলা কেবল শারীরিক শক্তি প্রদর্শনের মাধ্যম নয়, এটি শৃঙ্খলা, সমঝোতা ও দলগত প্রচেষ্টার শিক্ষা দেয়। এই প্রতিযোগিতা তরুণীদের প্রতিভা বিকাশ এবং পারস্পরিক সৌহার্দ্য বৃদ্ধির বড় সুযোগ তৈরি করবে বলে তিনি আশাপ্রকাশ করেন।
উদ্বোধনী মঞ্চে ত্রিপুরা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক দেবব্রত দাস, পদ্মশ্রী প্রাপক জিমন্যাস্ট দীপা কর্মকার, অর্জুন পুরস্কারপ্রাপ্ত অ্যাথলিট মন্টু দেবনাথ, বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার অধ্যাপক সমীর কুমার শীল এবং আয়োজক কমিটির সম্পাদক অধ্যাপক প্রশান্ত কুমার দাস সহ বিভিন্ন দপ্তরের শীর্ষ আধিকারিক ও প্রতিযোগী দলগুলি উপস্থিত ছিলেন।
ICA








