তেলিয়ামুড়া, ১২ নভেম্বর: আগামী ১৭ নভেম্বর খোয়াই জেলাভিত্তিক যুব উৎসবের আয়োজন করা হয়েছে। কল্যাণপুর ব্লকের লোটাস কমিউনিটি হলে এই সাংস্কৃতিক অনুষ্ঠানটি সম্পন্ন হবে। এই মেগা ইভেন্টটি সুশৃঙ্খল ও সফলভাবে পরিচালনা করার উদ্দেশ্যে আজ কল্যাণপুর ব্লক কার্যালয়ের সভাকক্ষে একটি প্রস্তুতিমূলক পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়।
উক্ত বৈঠকে সভাপতিত্ব করেন খোয়াই জিলা পরিষদের সভাধিপতি অপর্ণা সিংহ রায়। সভার সিদ্ধান্ত অনুযায়ী, যুব উৎসবের অঙ্গ হিসেবে বিভিন্ন ধরনের প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে। এর মধ্যে প্রধান আকর্ষণ হিসেবে থাকছে লোকনৃত্য, লোকসংগীত, চিত্রাঙ্কন বা পেইন্টিং, নাটক পরিবেশনা এবং কবিতা রচনা প্রতিযোগিতা।
প্রতিযোগিতায় অংশগ্রহণের জন্য বয়সসীমা নির্ধারণ করা হয়েছে ১৫ থেকে ২৯ বছর। তবে লোকনৃত্য ও লোকসংগীতের ক্ষেত্রে সর্বোচ্চ ৩ জন করে সহকারী শিল্পী অংশ নিতে পারবেন, যাদের বয়স ১৮ থেকে ৪০ বছরের মধ্যে হতে হবে বলে জানানো হয়েছে। জিলা পরিষদের সভাধিপতি এই যুব উৎসবকে সর্বাঙ্গ সুন্দর ও সফল করে তুলতে সংশ্লিষ্ট সকলের সক্রিয় সহযোগিতা কামনা করেছেন।
সভায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন খোয়াই জিলা পরিষদের সহকারী সভাধিপতি সত্যেন্দ্র চন্দ্র দাস, বিশিষ্ট সমাজসেবী নিতাই বল এবং বিভিন্ন দপ্তরের দায়িত্বপ্রাপ্ত আধিকারিকেরা।
ICA








