১৭ অক্টোবর, আগরতলা: আজ মহাসপ্তমী। মহাসপ্তমীর পূর্ণ লগ্নে দেবী দুর্গার দর্শন এবং শারদীয়া দুর্গোৎসবের আনন্দ উপভোগ করতে পাহাড় ও গ্রামাঞ্চল থেকে প্রচুর সংখ্যক দর্শনার্থী শহরের পুজো মণ্ডপগুলিতে ভিড় জমাচ্ছেন। সাধারণ মানুষের নিরাপত্তা সুনিশ্চিত করতে খোয়াই জেলা আরক্ষা প্রশাসনের পক্ষ থেকে শহরের বিভিন্ন স্থানে সিসিটিভি ক্যামেরা বসানো হয়েছে। বিকেল থেকেই শহরের বিভিন্ন স্থানে অতিরিক্ত নিরাপত্তা বাহিনী মোতায়েন করা হয়েছে।
আজ মহাসপ্তমীর দিনে বহু পুজো মণ্ডপে সাধারণ মানুষ দেবী দুর্গার আরাধনায় অঞ্জলি প্রদান করেন। গতকাল রাতেই শহরের বিভিন্ন পুজো মণ্ডপের উদ্বোধন করা হয়। বিশেষ করে লালছড়ার বাঘাযতীন ক্লাব, দুর্গানগরের ভারত কল্যাণ সংঘ, অফিসটিলার স্কাইলার ক্লাব, সুভাষ পার্ক কালীবাড়ির এবারের গ্রীন ক্লাব এবং তাঁত চৌহমুনীর জনকল্যাণ যুব সংঘ-সহ প্রত্যেকটি পুজো মণ্ডপ উদ্বোধনের পর দর্শনার্থীদের জন্য খুলে দেওয়া হয়।
দুর্গাপুজোর দিনগুলি গোটা জেলায় শান্তিপূর্ণভাবে কাটানোর লক্ষ্যে জেলা আরক্ষা প্রশাসনের পক্ষ থেকে সমস্ত ধরনের নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে বলে জানিয়েছেন খোয়াই জেলা পুলিশ সুপার ডি. জগদীশ্বর রেড্ডি।
SHABD










