উত্তর ত্রিপুরা, ১৯ অক্টোবর: শহরের জাঁকজমকপূর্ণ পুজোমণ্ডপের পাশাপাশি উত্তর ত্রিপুরার গ্রামাঞ্চলেও নজর কাড়ছে দুর্গাপুজোর আয়োজন। কদমতলা ও বাগবাসা বিধানসভা এলাকার রাঘনা, সৎসঙ্গম, রানীবাড়ি, ব্রজেন্দ্রনগর ও সরসপুর-সহ বিভিন্ন স্থানে মহাষ্টমীতে পুজোমণ্ডপে উপচে পড়ে দর্শনার্থীদের ভিড়।
কদমতলার জীবনজ্যোতি ক্লাব, অগ্রগামী ক্লাব, বয়েজ ক্লাব ও ইন্ডিয়ান ক্লাবের আকর্ষণীয় মণ্ডপসজ্জা এবং আলোকসজ্জা নজর কাড়ছে দর্শনার্থীদের। পাশাপাশি নাচ, গান-সহ বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠানে জমে উঠেছে উৎসবের পরিবেশ।
এবারের অন্যতম আকর্ষণ বয়েজ ক্লাবের উদ্যোগে রাজস্থান থেকে আসা ১২ জন ঢাকিবাদকের দল। তাঁদের মনমাতানো ঢাকের তালে উৎসবের আনন্দে মেতে উঠছেন দর্শনার্থীরা।
অন্যদিকে, সীমান্তবর্তী এলাকায় দুর্গাপুজোকে কেন্দ্র করে যাতে কোনও অপ্রীতিকর ঘটনা না ঘটে, তার জন্য সতর্ক রয়েছে মহকুমা প্রশাসন। প্রতিদিন রাতে টহল দিচ্ছেন প্রশাসনিক আধিকারিকরা। নিরাপত্তা ব্যবস্থা সম্পর্কে বিস্তারিত জানিয়েছেন ডিএসপি মুকুলেন্দু দাস। সব মিলিয়ে, শহরের পাশাপাশি গ্রামাঞ্চলেও মণ্ডপসজ্জা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও উৎসবের আমেজে মেতে উঠেছেন উত্তর ত্রিপুরার মানুষ।
SHABD








