ওএনজিসি, ত্রিপুরা অ্যাসেট আয়োজিত গতকাল সন্ধ্যায় কেন্দ্রীয় বিদ্যালয় মাঠে ‘রাবণ দহন’ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যপাল ইন্দ্র সেনা রেড্ডি নান্নু। রাজ্যপাল এই অনুষ্ঠানের তাৎপর্য তুলে ধরে বলেন যে, এটি অশুভ শক্তির বিনাশ এবং শুভ শক্তির জয়ের প্রতীক। ‘রাবণ দহন’ সমাজের জন্য একটি গভীর বার্তা বহন করে। এটি মানুষকে সত্য, ন্যায়পরায়ণতা ও নৈতিক মূল্যবোধ বজায় রাখার পাশাপাশি অশুভ শক্তি ও নেতিবাচক প্রভাবকে জয় করার গুরুত্ব মনে করিয়ে দেয়। তিনি বলেন, ত্রিপুরা উন্নয়নের পথে দ্রুত গতিতে এগিয়ে চলেছে। মাদকাসক্তি ও নেশাজাতীয় দ্রব্যের অপব্যবহারের সমস্যার বিষয়ে তিনি বলেন, এই সমস্যাটি তরুণ প্রজন্ম ও শিশুদের জীবন ও ভবিষ্যৎ ধ্বংস করে দিচ্ছে। তাই সমাজের সকল স্তরের মানুষকে মাদকাসক্তির বিরুদ্ধে লড়াইয়ে এগিয়ে আসতে হবে। একটি সুস্থ, নিরাপদ ও মাদকমুক্ত ত্রিপুরা গড়ে তোলার লক্ষ্যে তিনি ব্যাপক জনসচেতনতা, সামাজিক দায়বদ্ধতা এবং সমন্বিত প্রচেষ্টার প্রয়োজনীয়তার ওপর গুরুত্বারোপ করেন। রাজ্যপাল বলেন, যখন শিল্পপ্রতিষ্ঠান, বিভিন্ন সংস্থা, সরকারি দপ্তর এবং নাগরিকরা সমাজের কল্যাণের জন্য একসঙ্গে কাজ করেন, তখনই সার্বজনীন সমৃদ্ধি অর্জন করা সম্ভব। তিনি ওএনজিসি-কে রাজ্যের উন্নয়ন যাত্রায় অবদান রাখতে এবং এখানকার মানুষের জন্য আরও বেশি সুযোগ সৃষ্টির ক্ষেত্রে সহায়তা করতে উৎসাহিত করেন। পাশাপাশি সামাজিক কুপ্রথা দূর করা, মাদকাসক্তির বিরুদ্ধে লড়াই করা এবং একটি প্রগতিশীল ও সমৃদ্ধ ত্রিপুরা গড়ার লক্ষ্যে সম্মিলিতভাবে সবাইকে এগিয়ে আসার আহ্বান জানান রাজ্যপাল।
ICA
ওএনজিসি আয়োজিত ‘রাবণ দহন’ অনুষ্ঠানে রাজ্যপাল: মাদকমুক্ত ও প্রগতিশীল ত্রিপুরা গড়ার লক্ষ্যে ঐক্যবদ্ধ প্রচেষ্টার আহ্বান










