আসন্ন পৌরসভার ভোটের সার্বিক প্রস্তুতি খতিয়ে দেখতে ধর্মনগরে বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিনিধিদের সঙ্গে এক পর্যালোচনা বৈঠক অনুষ্ঠিত হয়েছে। উত্তর ত্রিপুরা জেলার জেলাশাসক ও সমাহর্তার দপ্তরের সভাকক্ষে আয়োজিত এই আলোচনায় সভাপতিত্ব করেন রাজ্য নির্বাচন কমিশনার ডঃ প্রদীপ কুমার চক্রবর্তী।
বৈঠকে উপস্থিত রাজনৈতিক দলগুলোর প্রতিনিধিদের সঙ্গে পৃথকভাবে কথা বলেন ডঃ চক্রবর্তী। অংশগ্রহণকারী দলগুলোর প্রতিনিধিরাও আসন্ন ভোট প্রক্রিয়া নিয়ে নিজেদের বক্তব্য ও প্রস্তাব পেশ করেন। সম্মিলিত সহযোগিতায় পৌর নির্বাচন সম্পূর্ণ নিরপেক্ষ, স্বচ্ছ ও শান্তিপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হবে বলে আশাবাদ জানান রাজ্য নির্বাচন কমিশনার।
এই আলোচনায় প্রশাসনিক ও নির্বাচনী দায়িত্বে থাকা একাধিক শীর্ষ আধিকারিক অংশ নেন। তাঁদের মধ্যে ছিলেন ধর্মনগর মিউনিসিপাল কাউন্সিল ভোটের পর্যবেক্ষক তপন কুমার দাস, পানিসাগর নগর পঞ্চায়েত ভোটের পর্যবেক্ষক বিদ্যুৎ চৌধুরী, জেলাশাসক তথা ডিস্ট্রিক্ট মিউনিসিপাল ইলেকশন অফিসার চাঁদনী চন্দন এবং পুলিশ সুপার অবিনাশ রায়। এ ছাড়া অতিরিক্ত জেলাশাসক এল ডারলং, ধর্মনগর মিউনিসিপাল কাউন্সিলের রিটার্নিং অফিসার দেবযানী চৌধুরী ও পানিসাগর নগর পঞ্চায়েতের রিটার্নিং অফিসার ডেভিড হলামও সভায় যোগ দেন। রাজনৈতিক দলগুলোর মধ্যে বিজেপি, সিপিআই (এম) এবং আইএনসি-র প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
ICA







