আসন্ন পুর নির্বাচন নির্বিঘ্নে আয়োজন করতে উত্তর ত্রিপুরা জেলার ধর্মনগর পুরপরিষদ এবং পানিসাগর নগর পঞ্চায়েত এলাকায় বিশেষ নিষেধাজ্ঞা কার্যকর করা হয়েছে। ভারতীয় নাগরিক সুরক্ষা সংহিতা ২০২৩-এর ১৬৩ নম্বর ধারা প্রয়োগ করে জেলার জেলাশাসক এই পদক্ষেপ নিয়েছেন। নির্দেশিকা অনুযায়ী, ২৫ নভেম্বর ২০২৬ বিকেল ৪টা থেকে ২৮ নভেম্বর ২০২৬ সকাল ৬টা পর্যন্ত এই নিয়ম বলবৎ থাকবে।
নির্ধারিত সময়ে ভোটকেন্দ্রের ২০০ মিটার পরিধি সহ সংশ্লিষ্ট পৌর ও নগর পঞ্চায়েত অঞ্চলে পাঁচজন বা তার বেশি মানুষের সমাগম সম্পূর্ণ নিষিদ্ধ করা হয়েছে। এছাড়া লাঠি, স্টিক, লোহার রড, বাঁশ, পাথর কিংবা অস্ত্রের মতো যেকোনো সামগ্রী সঙ্গে রাখা যাবে না। শব্দযন্ত্র ব্যবহার করে হোক বা ছাড়াই, কোনো ধরনের রাজনৈতিক সভা, মিছিল, জমায়েত বা বক্তৃতা দেওয়াও বারণ রয়েছে। পাশাপাশি সংশ্লিষ্ট থানার আওতাধীন এলাকায় স্কুটার, মোটরবাইক বা অন্য কোনো যানবাহনের দলবদ্ধ যাতায়াত বা কনভয়ের ওপরও কড়াকড়ি আরোপ করা হয়েছে।
তবে বেশ কিছু পরিষেবা ও ব্যক্তিকে এই নিষেধাজ্ঞার বাইরে রাখা হয়েছে। ভোটের দায়িত্বে থাকা কর্মী, পুলিশ, সিএপিএফ (CAPF), নির্বাচনী আধিকারিক এবং তাঁদের গাড়ি ছাড়াও নির্বাচন কমিশনের অনুমোদিত পাসধারী সংবাদকর্মী ও তাঁদের যানবাহন নির্বিঘ্নে চলাচল করতে পারবেন। বৈধ পরিচয়পত্র থাকা ভোটারেরা পায়ে হেঁটে অথবা ভোটকেন্দ্রের ২০০ মিটার দূরত্বের বাইরে কেবল পরিবারের সদস্যদের সঙ্গে নিজস্ব গাড়িতে এসে শৃঙ্খলা মেনে সারিবদ্ধভাবে ভোট দিতে পারবেন। এছাড়া নিয়মিত সরকারি কর্মী, সরকারি ও বেসরকারি দপ্তরের স্বাভাবিক কার্যক্রম, ভোটার বহন ছাড়া সাধারণ গণপরিবহন, রিটার্নিং অফিসারের অনুমোদনপ্রাপ্ত প্রার্থীদের গাড়ি এবং বিশেষভাবে সক্ষম ভোটারদের সহায়ক সামগ্রী এই নিয়মের আওতামুক্ত থাকবে।
স্বাভাবিক জনজীবন সচল রাখতে বাজার-হাট, ধর্মীয় স্থানের প্রার্থনা এবং বিয়ে বা জন্মদিনের মতো সামাজিক আয়োজনও চালু রাখা যাবে, তবে এসব অনুষ্ঠানে কোনো ধরনের উপহার বা নগদ অর্থ দেওয়া নিষিদ্ধ। প্রশাসনের আদেশে সতর্ক করা হয়েছে যে, এই নির্দেশিকা লঙ্ঘন করলে ভারতীয় ন্যায় সংহিতা (বিএনএস) ২০২৩-এর ২২৩ নম্বর ধারা অনুযায়ী আইনি ব্যবস্থা নেওয়া হবে।
ICA







