৩১ অক্টোবর, আগরতলা: রাষ্ট্রীয় একতা দিবস উপলক্ষে আজ এজিএমসি ও জিবিপি হাসপাতালে বিভিন্ন কর্মসূচির আয়োজন করা হয়। ১৮৭৫ সালের ৩১ অক্টোবর গুজরাটের খেদা জেলার নাদিয়াদ শহরে জন্মগ্রহণ করেন সর্দার বল্লভভাই প্যাটেল। তাঁর জন্মদিনকে ভারত সরকার রাষ্ট্রীয় একতা দিবস হিসেবে পালন করে থাকে।
এই উপলক্ষে আজ এজিএমসি ও জিবিপি হাসপাতালের এমএস অফিসের সামনে একটি সংক্ষিপ্ত সভার আয়োজন করা হয়। অনুষ্ঠানে জাতীয় একতা ও অখণ্ডতা রক্ষার শপথ গ্রহণ করা হয়। শপথবাক্য পাঠ করান ডেপুটি এমএস (এইচ.এ) ডাঃ বিষ্ণু গোস্বামী। অনুষ্ঠানে বক্তব্য রাখেন এজিএমসি ও জিবিপি হাসপাতালের এমএস ডাঃ বিধান গোস্বামী এবং ডেপুটি এমএস ডাঃ কনক চৌধুরী। তাঁরা ৩১ অক্টোবর রাষ্ট্রীয় একতা দিবস পালনের তাৎপর্য ব্যাখ্যা করেন।
এরপর এমএস অফিসের সামনে থেকে একটি র্যালি বের করা হয় এবং র্যালিটি পুনরায় একই স্থানে এসে শেষ হয়। র্যালিতে হাসপাতালের চিকিৎসক, হেলথ কেয়ার স্টাফ এবং নিরাপত্তাকর্মীরা অংশগ্রহণ করেন।
পরিশেষে এজিএমসির প্রিন্সিপাল তথা অনুষ্ঠানের সভাপতি প্রফেসর (ডাঃ) তপন মজুমদারের মূল্যবান বক্তব্যের মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।







