৩১ অক্টোবর, আগরতলা: পুর নির্বাচনে মনোনয়ন জমা দেওয়াকে কেন্দ্র করে বিরোধী প্রার্থীদের বাধা, হামলা ও হুমকির অভিযোগ তুলেছে বামফ্রন্ট। বিশেষ করে জিরানিয়া, কমলপুর ও মোহনপুরে বিজেপি-সমর্থিত দুষ্কৃতীদের বিরুদ্ধে বিরোধী প্রার্থীদের মনোনয়ন জমা দিতে বাধা দেওয়ার অভিযোগ জানিয়ে আজ রাজ্য নির্বাচন কমিশনের হস্তক্ষেপ দাবি করেছে ত্রিপুরা বামফ্রন্ট কমিটি।
রাজ্য নির্বাচন কমিশনারের কাছে লিখিত অভিযোগ জমা দিয়ে বামফ্রন্টের আহ্বায়ক মানিক দে অভিযোগ করেন, ২০২১ সালের পুরসভা নির্বাচনের মতো পরিস্থিতি তৈরির চেষ্টা চলছে। অবাধ ও শান্তিপূর্ণ নির্বাচন নিশ্চিত করতে বিরোধী প্রার্থীদের পুলিশি নিরাপত্তা এবং পুরসভা এলাকাগুলিতে কেন্দ্রীয় আধাসামরিক বাহিনী মোতায়েনের দাবি জানানো হয়েছে।






