কাঞ্চনপুর, ২০ অক্টোবর ২০২৬ঃ ত্রিপুরার উত্তর জেলার কাঞ্চনপুর মহকুমায় শারদোৎসব উপলক্ষে উৎসবের আবহ। বিভিন্ন ক্লাবের উদ্যোগে আয়োজিত সার্বজনীন দুর্গাপুজোর পাশাপাশি বাড়ি বাড়িতেও চলছে দেবী দুর্গার আরাধনা। সব মিলিয়ে মহকুমায় প্রায় ৪০টি পুজো মণ্ডপে দুর্গোৎসবের আয়োজন করা হয়েছে।
মহাষ্টমীর রাতে বিভিন্ন পুজো মণ্ডপ পরিদর্শন করেন রাজ্যের মন্ত্রী সান্ত্বনা চাকমা। তিনি বলেন, শহরের জাঁকজমকপূর্ণ পুজোর পাশাপাশি গ্রামাঞ্চলের পুজোগুলিতেও রয়েছে আনন্দ ও আবেগ। জাতি-জনজাতি নির্বিশেষে শারদোৎসব মিলন, সম্প্রীতি ও সৌভ্রাতৃত্বের উৎসবে পরিণত হয়েছে। তিনি রাজ্যবাসীকে শারদীয়ার শুভেচ্ছা জানান এবং গ্রামাঞ্চলের পুজো উদ্যোক্তাদের উদ্যোগের প্রশংসা করেন।
কাঞ্চনপুর মহকুমার পঞ্চদীপ ক্লাব, ম্যানচেস্টার ক্লাব ও সংহতি ক্লাবের কর্মকর্তারা জানান, প্রতি বছরের মতো এবারও আকর্ষণীয় ভাবনায় সাজিয়ে তোলা হয়েছে পুজো মণ্ডপগুলি। পুজোকে কেন্দ্র করে বিভিন্ন সমাজসেবামূলক কর্মসূচিও গ্রহণ করা হয়েছে।
এবার পুজো মণ্ডপ ও সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে নেশার কুফল সম্পর্কে সাধারণ মানুষকে সচেতন করার উদ্যোগ নেওয়া হয়েছে। পাশাপাশি, যুবসমাজকে নেশামুক্ত সমাজ গঠনে এগিয়ে আসার আহ্বান জানানো হচ্ছে।
আনন্দ-উৎসবের পাশাপাশি সামাজিক দায়বদ্ধতা, সম্প্রীতি ও নেশামুক্ত সমাজ গঠনের বার্তা নিয়ে কাঞ্চনপুর মহকুমায় পালিত হচ্ছে শারদোৎসব।









