Home / Tripura / পশ্চিম জেলার সীমান্ত এলাকায় রাতের চলাচলে নিষেধাজ্ঞা, বলবৎ ২০ জানুয়ারি পর্যন্ত

পশ্চিম জেলার সীমান্ত এলাকায় রাতের চলাচলে নিষেধাজ্ঞা, বলবৎ ২০ জানুয়ারি পর্যন্ত

আগরতলা, ২১ নভেম্বর: সীমান্ত সংলগ্ন এলাকায় জননিরাপত্তা ও শান্তি অটুট রাখতে রাতের নির্দিষ্ট সময়ে সাধারণ মানুষের যাতায়াতে কড়াকড়ি জারি করা হয়েছে। পশ্চিম জেলার সদর ও মোহনপুর মহকুমার অন্তর্গত ভারত-বাংলাদেশ সীমান্তের ৫০০ মিটার পরিসরে রাত ৮টা থেকে ভোর ৫টা পর্যন্ত চলাচলের ওপর এই নিষেধাজ্ঞা কার্যকর করা হয়েছে।

ভারতীয় নাগরিক সুরক্ষা সংহিতা (বিএনএসএস) ২০২৩-এর ১৬৩ ধারার ক্ষমতাবলে পশ্চিম জেলার জেলাশাসক এই নির্দেশিকা জারি করেছেন। শনিবার অর্থাৎ ২১ নভেম্বর থেকে শুরু হওয়া এই বিধি আগামী বছরের ২০ জানুয়ারি পর্যন্ত চালু থাকবে বলে জানানো হয়েছে।

নির্দেশিকায় বেশ কিছু ক্ষেত্রে ছাড় দেওয়া হয়েছে। নিরাপত্তা ও শৃঙ্খলা রক্ষায় নিয়োজিত সামরিক, আধা সামরিক এবং রাজ্য পুলিশের কর্মীরা এর আওতায় পড়বেন না। এ ছাড়া জরুরি সরকারি দায়িত্ব পালনরত কর্মচারী, দ্রুত চিকিৎসা পরিষেবার প্রয়োজন এমন নাগরিক এবং পশ্চিম জেলার পুলিশ সুপার কিংবা সদর ও মোহনপুর মহকুমার মহকুমা শাসকের কাছ থেকে বৈধ পাসপ্রাপ্ত ব্যক্তিরা নির্বিঘ্নে চলাচল করতে পারবেন।

প্রশাসন সতর্ক করেছে যে, এই নিষেধাজ্ঞা লঙ্ঘন করলে ভারতীয় ন্যায় সংহিতা (বিএনএস) ২০২৩-এর ২২৩ নম্বর ধারা মোতাবেক অভিযুক্তদের বিরুদ্ধে কঠোর আইনি ও শাস্তিমূলক পদক্ষেপ গ্রহণ করা হবে।
ICA

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *