Home / Tripura / বড়লুতমায় ১৩০তম মহারাসলীলা উৎসব ও মেলার সূচনা, পাঁচদিন চলবে আয়োজন

বড়লুতমায় ১৩০তম মহারাসলীলা উৎসব ও মেলার সূচনা, পাঁচদিন চলবে আয়োজন

কমলপুর, ২১ নভেম্বর: কমলপুর মহকুমার বড়লুতমা ত্রয়ো মন্ডপ প্রাঙ্গণে শুক্রবার থেকে শুরু হয়েছে পাঁচদিনের ঐতিহ্যবাহী ১৩০তম মহারাসলীলা উৎসব ও মেলা। বিষ্ণুপ্রিয়া মণিপুরী মহারাসলীলা ওয়েলফেয়ার সোসাইটির আয়োজনে এবং তথ্য ও সংস্কৃতি দপ্তর ও মহকুমা প্রশাসনের সহায়তায় এই আসর বসেছে।

উৎসব ও মেলার শুভ উদ্বোধন করেন বিধায়ক মনোজ কান্তি দেব। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আয়োজক সংস্থার সভাপতি প্রদীপ কুমার সিনহা। মেলার উদ্বোধনী বক্তব্যে বিধায়ক জানান, বড়লুতমার এই রাস উৎসব উত্তর-পূর্বাঞ্চলের অন্যতম বৃহৎ আয়োজন। জাতি-ধর্ম-বর্ণের গণ্ডি পেরিয়ে এটি আজ রাজ্যের এক সর্বজনীন রূপ পেয়েছে এবং এর মাধ্যমে শান্তি, সম্প্রীতি ও ঐক্যের বার্তা আরও দৃঢ় হয় বলে মন্তব্য করেন তিনি।

অনুষ্ঠানে ধলাই জিলা পরিষদের সহকারী সভাধিপতি অনাদি সরকার পাঁচদিনের এই উৎসব ও মেলার সার্বিক সাফল্য কামনা করেন। অন্য অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন কমলপুর মহকুমার মহকুমা শাসক গিদিয়ন মলসম, বড়লুতমা গৌড়নিতাই মন্দিরের পুরোহিত রাধা কিশোর শর্মা, সালেমা পঞ্চায়েত সমিতির চেয়ারম্যান বিনা বিশ্বাস (বীনা বিশ্বাস), দুর্গা চৌমুহনী বিএসি-র চেয়ারম্যান দেবপ্রসাদ দেববর্মা, সালেমা বিএসি চেয়ারম্যান বিমল দেববর্মা, সালেমার বিডিও গোপাল দাস এবং বিশিষ্ট সমাজসেবী নারায়ন রায়।

আয়োজনকারীরা জানিয়েছেন, পুরো পাঁচদিন ধরে রাজ্য ও ভিনরাজ্যের খ্যাতনামা শিল্পীদের অংশগ্রহণে সাংস্কৃতিক আসর বসবে। পাশাপাশি মেলা প্রাঙ্গণে বিভিন্ন সরকারি দপ্তরের প্রদর্শনী স্টলও স্থাপন করা হয়েছে।
ICA

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *