মোহনপুর — হেজামারা ব্লকের অন্তর্গত ভারত চৌধুরী এডিসি ভিলেজে রবিবার থেকে তিন দিনব্যাপী ‘হাতায়কতর তের-২০২৬’ তথা বড়মুড়া মেলার আনুষ্ঠানিক সূচনা হয়েছে। রাজ্যের শিল্প ও বাণিজ্য দপ্তরের রাষ্ট্রমন্ত্রী বৃষকেতু দেববর্মা এই ঐতিহ্যবাহী মেলার উদ্বোধন করেন।
উদ্বোধনী ভাষণে রাষ্ট্রমন্ত্রী জানান যে, একটি মেলা কেবল কেনাবেচা বা চিত্তবিনোদনের ক্ষেত্র নয়; বরং বিভিন্ন জাতি, জনজাতি এবং গোষ্ঠীর মধ্যে ভ্রাতৃত্ব ও সম্প্রীতির সম্পর্ক আরও জোরদার করার অন্যতম প্রধান মাধ্যম। তাঁর মতে, এই ধরনের গণজমায়েত ভিন্ন সম্প্রদায়ের মানুষের মধ্যে সাংস্কৃতিক বিনিময়কে ত্বরান্বিত করে এবং অঞ্চলের নিজস্ব ঐতিহ্য, সংস্কৃতি ও কৃষ্টি টিকিয়ে রাখতে সহায়ক ভূমিকা পালন করে।
মন্ত্রী আরও উল্লেখ করেন যে, মেলা প্রাঙ্গণে স্থানীয় কারিগর, বিক্রেতা এবং ক্ষুদ্র ব্যবসায়ীরা নিজেদের দক্ষতা ও তৈরি সামগ্রী জনসমক্ষে তুলে ধরার সুযোগ পাচ্ছেন। ভবিষ্যতে এই আয়োজনের কলেবর আরও বৃদ্ধি করে একে আরও আকর্ষণীয় ও সুপরিসর করার ভাবনা রয়েছে বলেও তিনি জানান। পুরো অনুষ্ঠানটি শান্তিপূর্ণ ও সুশৃঙ্খলভাবে সম্পন্ন করতে তিনি আয়োজক কমিটি ও স্থানীয় বাসিন্দাদের সহযোগিতা কামনা করেন এবং মেলার সফলতা প্রত্যাশা করেন।
উদ্বোধনী পর্বে বিশিষ্টজনদের মধ্যে উপস্থিত ছিলেন বিধায়ক রঞ্জিত দেববর্মা, এমডিসি রবীন্দ্র দেববর্মা, এমডিসি জেমস দেববর্মা, টিটিএএডিসির প্রাক্তন ইএম সোহেল দেববর্মা এবং সমাজকর্মী শিবানঞ্জলি দেববর্মা। পুরো অনুষ্ঠানে সভাপতিত্ব করেন হেজামারা সাব-জোনাল চেয়ারম্যান পরিতোষ দেববর্মা।
হেজামারা ব্লক প্রশাসন এবং মেলা কমিটির যৌথ ব্যবস্থাপনায় আয়োজিত এই মেলার অংশ হিসেবে বিভিন্ন সরকারি দপ্তরের উন্নয়ন সংক্রান্ত তথ্য তুলে ধরতে একাধিক প্রদর্শনী স্টল বসানো হয়েছে।
ICA








