আসন্ন পুরনির্বাচন শান্তিপূর্ণ ও নির্বিঘ্নভাবে পরিচালনার স্বার্থে খোয়াই জেলার জেলাশাসক খোয়াই এবং তেলিয়ামুড়া থানা এলাকায় একাধিক নিয়ন্ত্রণমূলক ব্যবস্থা গ্রহণ করেছেন। ভারতীয় নাগরিক সুরক্ষা সংহিতা (বিএনএসএস) ২০২৩-এর ১৬৩ নম্বর ধারা প্রয়োগ করে এই আদেশ কার্যকর করা হয়েছে। আগামী ২৫ নভেম্বর ২০২৬ বিকেল ৪টা থেকে শুরু হয়ে ২৯ নভেম্বর ২০২৬ সকাল ৬টা পর্যন্ত এই বিধি বলবৎ থাকবে।
নির্দেশিকা অনুযায়ী, নির্ধারিত থানা এলাকাগুলোতে পাঁচজন বা তার বেশি মানুষের সমাগম নিষিদ্ধ করা হয়েছে, তা নিরস্ত্র হোক বা সশস্ত্র। কোনো প্রকার আঘাত হানার উপযোগী সামগ্রী—যেমন বাঁশ, পাথর, লাঠি, স্টিক কিংবা লোহার রড—সঙ্গে রাখাও নিষিদ্ধ থাকবে। পাশাপাশি জনসভা বা শোভাযাত্রার ওপর নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে, সে ক্ষেত্রে লাউডস্পিকার ব্যবহার করা হোক বা না হোক। একই সঙ্গে ওই দুই থানা এলাকায় দুই বা ততোধিক মোটরবাইক কিংবা অন্যান্য যানবাহনের একযোগে চলাচলও রুখে দেওয়া হয়েছে।
প্রশাসন অবশ্য বেশ কয়েকটি শ্রেণিকে এই বিধি থেকে অব্যাহতি দিয়েছে। নির্বাচনী দায়িত্বে নিয়োজিত কর্মী, নিয়মিত দায়িত্ব পালনরত সরকারি আধিকারিক, পুলিশ, সিএপিএফ ও সশস্ত্র বাহিনীর সদস্যরা এর আওতায় পড়বেন না। বৈধ পরিচয়পত্রধারী গণমাধ্যমকর্মী এবং নির্বাচনী কাজে ব্যবহৃত যানবাহনের চালক ও সহকারীরাও ছাড় পাবেন। এ ছাড়া রোগী পরিবহনের অ্যাম্বুলেন্স ও গাড়ি, নিত্যপ্রয়োজনীয় পণ্য যেমন মাছ, মাংস, শাকসবজি ও ওষুধ বহনকারী যান এবং রিটার্নিং অফিসার বা যথাযথ নির্বাচন কর্তৃপক্ষের অনুমোদিত প্রার্থীর গাড়ি চলাচল করতে পারবে।
এই নিষেধাজ্ঞা লঙ্ঘন করলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে ভারতীয় ন্যায় সংহিতা (বিএনএস) ২০২৩-এর ২২৩ নম্বর ধারায় আইনানুগ শাস্তিমূলক পদক্ষেপ নেওয়া হবে বলে সতর্ক করা হয়েছে।
ICA







