Home / Tripura / কমলপুরের কুচাইনালায় শুরু হলো তিন দিনব্যাপী ২৩তম মণিপুরী মহারাস উৎসব

কমলপুরের কুচাইনালায় শুরু হলো তিন দিনব্যাপী ২৩তম মণিপুরী মহারাস উৎসব

কমলপুর — ধলাই জেলার কমলপুর মহকুমার কুচাইনালায় অবস্থিত শ্রী শ্রী ত্রীনপভু নাথ মন্দির প্রাঙ্গণে রবিবার থেকে তিন দিনের ২৩তম মণিপুরী মহারাস উৎসব ও মেলার সূচনা হয়েছে। স্থানীয় কুচাইনালা মণিপুরী মহারাসযাত্রা কমিটির মূল উদ্যোগে এবং তথ্য ও সংস্কৃতি বিভাগের সহায়তায় এই সাংস্কৃতিক ও বাণিজ্যিক আসরটি বসেছে।

উৎসবের আনুষ্ঠানিক উদ্বোধন করেন ধলাই জিলা পরিষদের সহকারী সভাধিপতি অনাদি সরকার। উদ্বোধনী ভাষণে তিনি উল্লেখ করেন যে, ত্রিপুরার প্রতিটি সম্প্রদায়ের স্বতন্ত্র ঐতিহ্য ও সংস্কৃতিকে সংরক্ষণ এবং বিকশিত করতে রাজ্য প্রশাসন প্রতিশ্রুতিবদ্ধ। তিনি আরও বলেন, এ ধরনের সামাজিক আয়োজন জাতি ও জনজাতি নির্বিশেষে সর্বস্তরের মানুষের মধ্যে পারস্পরিক মেলবন্ধন তৈরির এক গুরুত্বপূর্ণ মঞ্চ হিসেবে কাজ করে।

কুচাইনালা মণিপুরী মহারাসযাত্রা কমিটির সভাপতি বাবু সিনহার সভাপতিত্বে আয়োজিত এই অনুষ্ঠানে স্বাগত ভাষণ দেন কমিটির সম্পাদক সঞ্জীব সিনহা। এ ছাড়া অতিথি হিসেবে মঞ্চে উপস্থিত ছিলেন ধলাই জিলা পরিষদের সদস্য অমরেশ সিংহ ও সদস্যা আরতি চন্দ, কুচাইনালা গ্রাম পঞ্চায়েতের প্রধান জ্যোতিষ দাস, পশ্চিম কুচাইনালা গ্রাম পঞ্চায়েতের প্রধান সমীর দাস, তথ্য ও সংস্কৃতি দপ্তরের আধিকারিক (এসআইও) বিদ্যামোহন জমাতিয়া এবং সমাজকর্মী সুভাষ আহির।

মেলা প্রাঙ্গণে সাধারণ মানুষকে জনমুখী প্রকল্প সম্পর্কে অবহিত করতে বিভিন্ন সরকারি দপ্তরের পক্ষ থেকে তথ্যমূলক প্রদর্শনী স্টল স্থাপন করা হয়েছে। তিন দিনব্যাপী এই উৎসবের প্রতিটি সন্ধ্যায় দর্শকদের জন্য বিশেষ সাংস্কৃতিক পরিবেশনার ব্যবস্থা রাখা হয়েছে।

ICA

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *