Home / Tripura / মূল্যবোধভিত্তিক শিক্ষা ও ব্রু সম্প্রদায়ের সাংস্কৃতিক ঐতিহ্য সংরক্ষণে জোর রাজ্যপালের

মূল্যবোধভিত্তিক শিক্ষা ও ব্রু সম্প্রদায়ের সাংস্কৃতিক ঐতিহ্য সংরক্ষণে জোর রাজ্যপালের

১৩ অক্টোবর, আগরতলা: রাজ্যপাল ইন্দ্রসেনা রেড্ডি নাল্লু বলেছেন, রাজ্য সরকার সকল সম্প্রদায়ের মধ্যে মূল্যবোধভিত্তিক শিক্ষা, চরিত্র গঠন এবং অন্তর্ভুক্তিমূলক বিকাশের ওপর ধারাবাহিকভাবে গুরুত্ব আরোপ করছে। আজ আগরতলার টাউন হলে ব্রু স্নানগাই মোথো আয়োজিত ব্রু সম্প্রদায়ভুক্ত ছাত্রছাত্রীদের সংবর্ধনা অনুষ্ঠান তথা সামাজিক মিলন উৎসবে বক্তব্য রাখতে গিয়ে তিনি একথা বলেন।

রাজ্যপাল ছাত্রছাত্রীদের চরিত্র গঠন, মূল্যবোধভিত্তিক শিক্ষা এবং সার্বিক বিকাশের গুরুত্বের ওপর জোর দেন। তিনি ছাত্রছাত্রীদের শৃঙ্খলা বজায় রাখতে, বড়দের সম্মান করতে, সময়ের মূল্য বুঝতে এবং কঠিন পরিস্থিতিতে আত্মসংযম অনুশীলন করতে আহ্বান জানান। পাশাপাশি, ইউপিএসসি-সহ জাতীয় পর্যায়ের প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রস্তুতি নিয়ে আইএএস ও আইপিএসের মতো পরিষেবায় যোগ দেওয়ার জন্য তিনি ছাত্রছাত্রীদের আহ্বান জানান।

জাতীয় শিক্ষানীতি (এনইপি) ২০২০-এর সঙ্গে সামঞ্জস্য রেখে জ্ঞানভিত্তিক সমাজ গঠনের লক্ষ্যে প্রথাগত শিক্ষাব্যবস্থা এবং ব্যবহারিক ও দক্ষতাভিত্তিক শিক্ষার মধ্যকার ব্যবধান দূর করার ওপর তিনি গুরুত্ব দেন। তিনি বলেন, শিক্ষা হচ্ছে অগ্রগতির প্রধান পাথেয়।

রাজ্যপাল বলেন, রাজ্যে ব্রু সম্প্রদায়ের সমৃদ্ধ সাংস্কৃতিক ঐতিহ্য রয়েছে এবং ব্রু জনগোষ্ঠী ত্রিপুরার জনজাতীয় সংস্কৃতির অবিচ্ছেদ্য অংশ। তিনি ব্রু সম্প্রদায়ের লোকগান, নৃত্য, লোককথা ও ঐতিহ্যবাহী জ্ঞান ডিজিটাল মাধ্যমে সংরক্ষণের ওপর জোর দেন।

অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে সমবায় মন্ত্রী শুক্লাচরণ নোয়াতিয়া-সহ ব্রু স্নানগাই মোথোর সদস্যরা উপস্থিত ছিলেন।

SHABD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *